দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস। টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে মূল্যবান এই ধাতুর দাম। শক্তিশালী মার্কিন ডলার, সুদের হার বাড়ার আশঙ্কা এবং এআই খাতের শেয়ারবাজারে অস্থিরতায় চাপে পড়েছে স্বর্ণের বাজার।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার দিনের একপর্যায়ে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৩ হাজার ৫০২ ডলার ৪৯ সেন্টে নেমে আসে। পরে বাংলাদেশ সময় শনিবার (২১ নভেম্বর) রাত ২টা ২৫ মিনিটে দাম দাঁড়ায় ৩ হাজার ৫১৪ ডলার ৮ সেন্টে। আগের দিনের তুলনায় যা ৩ শতাংশ কম।
এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস স্বর্ণের দাম কমল। চলতি সপ্তাহে এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ। গত ২০ মার্চ শেষ হওয়া সপ্তাহের পর এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্যও ৪ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫১৫ ডলার ৪০ সেন্টে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, এআই খাতের শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের প্রভাব পড়েছে স্বর্ণের বাজারেও। শেয়ারবাজারে লোকসান সামাল দিতে অনেক বিনিয়োগকারী স্বর্ণ বিক্রি করছেন। ফলে বাড়তি বিক্রির চাপে কমছে এর দাম।
এর পাশাপাশি যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ানোর সম্ভাবনা এবং মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। সাধারণত সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়।
বাজার বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ার সম্ভাবনা ৯৬ শতাংশ।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে রুপার দাম ৪ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ ডলার ৯৯ সেন্টে নেমে আসে। একই সময়ে প্লাটিনামের দাম কমেছে ৩ দশমিক ৪ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম কমেছে ২ দশমিক ১ শতাংশ। তথ্যসূত্র: রয়টার্স
এমজে